https://thesylhet.tv/

1388

sylhet

সিলেট বিভাগ

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ ১৭:০৩
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে আজ (৩১ অক্টোবর) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন সর্বস্তরের সাংবাদিক সমাজ।

সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি মুক্তাবিস উন নুর, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইমজা সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাধারণ সম্পাদক আনিস রহমান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি হুমায়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বী, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমেদ হেলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ রনি এবং রাজনৈতিক নেতারা।

সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, এটি কেবল সাংবাদিকদের ওপর হামলা নয়, বরং একটি গুরুতর ফৌজদারি অপরাধ। তাঁদের ভাষায়, হামলার ধরন ছিল হত্যাচেষ্টার শামিল। অতীতের ঘটনাগুলোর যথাযথ বিচার না হওয়ায় এমন পরিস্থিতির পুনরাবৃত্তি হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

বুধবার রাত ১০টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলায় অস্ত্রোপচার কক্ষের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয়েছেন সিলেটভিউ২৪ ডটকমের প্রতিবেদক নিবেন্দু তালুকদার এবং দৈনিক শ্যামল সিলেটের আলোকচিত্র সাংবাদিক রেজা রুবেল।

ঘটনার পরবর্তী সময়ে আহত সাংবাদিকদের হলুদ সাংবাদিক বলা সহ নানা অবমাননাকর ফেসবুক স্টেটাস প্রকাশ করে বিভিন্ন ফেসবুক পেইজ। সাংবাদিকরা এর জবাবে বলেন এটি মূলত শাক দিয়ে মাছ ঢাকা, নিজেদের অপরাধ ঢাকতেই তারা ভিন্ন নাটক সাজাচ্ছে। 

সমাবেশে সাংবাদিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না করে কোনো ধরনের আপস করা হবে না

হামলার পর হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা এবং পুলিশের পদক্ষেপ নিয়েও প্রশ্ন তোলেন সংবাদকর্মীরা। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সমাবেশে অংশগ্রহণকারীরা।