https://thesylhet.tv/

1357

sylhet

সিলেট বিভাগ

গ্রাম-নগরে উমা : উৎসবের দুই রঙ

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ ১৭:৫৬
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

মাথার উপরে ঝকঝকে নীল আকাশ আর নিচে দিগন্ত বিস্তৃত সবুজের প্রান্তর। ভোরের স্নিগ্ধ বাতাস যখন ধানের কচি পাতায় ছুঁয়ে যায়, মাঠ জুড়ে তৈরি হয় সবুজ আর নীলের বন্ধুত্ব।

বর্ষার রেশ কাটতে না কাটতেই বাংলার প্রকৃতি যেন স্নান সেরে উঠেছে। জলাশয়ে ভেসে বেড়ানো হাঁস, সবুজ মাঠে গবাদিপশুর দল, কৃষকের ব্যস্ততা এসবই গ্রামবাংলার সহজ-সরল জীবনের ছবি। আর সেই জীবনের শত ব্যস্ততা পেরিয়ে গ্রামের সাধারণ মানুষের কাছেও দুর্গাপূজা মানে একটুখানি আনন্দ আর ভালো থাকার এক বিশেষ উপলক্ষ। সবুজের ক্যানভাসের ঠিক বিপরীতে এক শুভ্রতার রাজত্ব। বাতাসে মাথা দুলিয়ে যেন শরতের বন্দনা করছে দিগন্তজোড়া কাশফুল। সাধারণ মানুষের যাপিত জীবনের এই প্রশান্তির মাঝেই লুকিয়ে আছে এক মহোৎসবের আমেজ। বাতাসে শিউলির সুবাস আর কাশফুলের দোলা যেন প্রকৃতির নিজস্ব ভাষায় জানান দিচ্ছে - মা আসছেন।

গ্রামের সেই মায়াবী স্নিগ্ধতা এখানে কংক্রিটের দেয়ালে আটকা। ধুলোমাখা রাস্তায় কিংবা আকাশচুম্বী ভবনের জঞ্জাল গলে যেটুকু নীল আকাশ উঁকি দেয়, সেটুকুই যেন শহরের শরৎ। এখানে কাশফুলের দোলা নেই, তার বদলে ট্রাফিক সিগন্যালে হয়তো চোখে পড়ে পথশিশুর হাতে থাকা গোলাপের গুচ্ছ।

যখন অলিগলিতে বাঁশ-কাঠের ব্যস্ততা বাড়ে, তখনই এ ব্যস্ত শহরের মানুষও বুঝতে পারে দিন ঘনিয়ে আসছে, মা আসছেন। শহরের প্রকৃতির সেই নীরবতার অভাব শহর যেন পুষিয়ে নেয় উৎসবের কোলাহলে। পুজো যত ঘনিয়ে আসছে, শহরের রুক্ষ চিত্রপটে ততই পড়ছে রঙের প্রলেপ।

উৎসবের এই আমেজ সবচেয়ে বেশি চোখে পড়ে শহরের বিপণিবিতানগুলোতে। বাহারি গয়নার দোকানগুলোতেও উপচে পরা ভিড়। ছোট-বড় সকলের মনে এখন পূজো পূজো সাজ। উৎসবের এই বিষয়ের কর্মযজ্ঞের সবচেয়ে নিপুণ কাজটা চলছে প্রতিমাগুলোতে। কারিগরের নিপুণ তুলির আঁচড়ে একটু একটু করে জীবন্ত হয়ে উঠছে দেবীর রূপ।

গ্রামের সেই মায়াবী নীরবতা, আর শহরের এই উৎসবমুখর ব্যস্ততা - ক্যানভাস দুটো ভিন্ন হলেও, ভেতরের আবেগ আর অপেক্ষা কিন্তু একটাই। আর সেই অপেক্ষার প্রহর শেষ করেই বছর ঘুরে আবারও ধরণীতে আসছেন দুর্গতিনাশিনী। শরতের এই দুই ভিন্ন রূপের মাঝেই এখন চলছে কেবলই মা-কে বরণের প্রস্তুতি।