যাত্রীর অভিযোগের ভিত্তিতে সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ফেঞ্চুগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়। সিলেট রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী এক যাত্রীর দেওয়া মোবাইল নম্বরের সূত্র ধরে তার অবস্থান শনাক্ত করা হয়। অভিযোগ অনুযায়ী, তিনি ফেঞ্চুগঞ্জে বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিলেটে কালোবাজারে ট্রেনের টিকিট সরবরাহ করতেন।
আটকের পর তার মোবাইল ফোনে পাওয়া টিকিট ও স্বীকারোক্তির ভিত্তিতে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সাবরিনা আক্তার।