ক্যামেরা, লেন্স বা গিম্বল - এগুলো থাকলেই কি ফটোগ্রাফার হওয়া যায়? নাকি প্রয়োজন কল্পনা, পর্যবেক্ষণ আর গল্প বলার দক্ষতা?
সেই গল্পের কৌশল নিয়েই সিলেটে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ওয়েডিং ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি কর্মশালা।
বুধবার (৭ অক্টোবর) সিলেট ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেন সিলেটের বিভিন্ন জেলা উপজেলা থেকে ২২৫ জন ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফাররা।
এছাড়াও উপস্থিত ছিলেন, সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি আ ন ম জিয়া, উপদেষ্টা মো: আব্দুল মোনায়েম, খালেদ আহমেদ, এখলাস উদ্দিন, ডা: মোস্তফা শাহজাহান বাহারসহ অনেকে।
ইন্সট্রাক্টর অর্পণ পাল ও সজিব পাল ওয়েডিং ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি-তে তথাকথিত ধারার বাইরে গিয়ে গল্পকে কীভাবে ভিন্নভাবে তুলে ধরতে হয় - তা নিয়ে আলোচনা করেন। শট নির্বাচন, ক্যামেরা মুভমেন্ট ও ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের নানা কৌশল নিয়ে কর্মশালায় আলোচনা হয়।
আয়োজকদের মতে, নতুন প্রজন্মের আলোকচিত্রীদের দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ । একটি ছবি, একটি মুহূর্তকে বাঁচিয়ে রাখে বছরের পর বছর। শখের সেই ছবির পেছনের গল্প নিয়েই ছিলো এই আয়োজন।