উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার ও প্রাচুর্যতা বাড়ানো, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ২৬৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং নদী সংলগ্ন প্লাবনভূমিতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত পোনামাছ অবমুক্তকরণ-২০২৬ কর্মসূচির আওতায় এসব মাছ অবমুক্ত করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা, ৭ নম্বর নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় মৎস্যজীবী ও সুফলভোগীরা।
মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় মৎস্যজীবীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে প্রতিবছর এ ধরনের পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এর মাধ্যমে প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রাচুর্যতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য মাছের সহজলভ্যতা নিশ্চিত করার পাশাপাশি মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্য রয়েছে।
কর্মসূচির আওতায় সুতাং নদী সংলগ্ন প্লাবনভূমিতে মোট ২৬৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। স্থানীয় মৎস্যজীবী ও সুফলভোগীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উন্মুক্ত জলাশয়ের মাছের প্রজনন ও সংরক্ষণে নিয়মিত নজরদারি এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
শায়েস্তাগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।