https://thesylhet.tv/

1189

new

নতুন

মির্জা ফখরুল : মহাসচিব থেকে মহামান্য

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ ১৯:১৬
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

ছাত্ররাজনীতির উত্তাল রাজপথ থেকে শুরু। এরপর শিক্ষকতা, প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি হয়ে জাতীয় রাজনীতি। দীর্ঘ এক দশক যিনি সামলেছেন বিএনপি’র মহাসচিবের গুরুদায়িত্ব, আজ তিনি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর - ছাত্রনেতা থেকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি। এ এক দীর্ঘ পথের গল্প।

১৯৪৮ সালে ঠাকুরগাঁওয়ে জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই ছাত্র ইউনিয়নে হাতেখড়ি, সক্রিয় ছিলেন ৬৯-এর গণঅভ্যুত্থানেও। তবে স্বাধীনতার পর বেছে নেন শিক্ষকতা ও প্রশাসন। ঢাকা কলেজের প্রভাষক থেকে কাজ করেছেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশাসনেও। ১৯৮৬ সালে সরকারি চাকরি ছেড়ে তিনি আবারও ফেরেন সক্রিয় রাজনীতিতে।

পরে ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর বিএনপিতে যোগ দিয়ে ধাপে ধাপে উঠে আসেন দলের শীর্ষ নেতৃত্বে। ২০০১ সালে সংসদ সদস্য এবং পরে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আর ২০১৬ সাল থেকে টানা বিএনপি’র মহাসচিব হিসেবে দলের অধিকার আদায় ও সরকারবিরোধী আন্দোলনের প্রধান মুখ হয়ে ওঠেন তিনি।

মাঝে নানা শোষন-নিপীড়ন  পেরিয়ো ২০২৬ সালের জাতীয় নির্বাচনের পর তাঁর রাজনৈতিক জীবনে আসে নতুন মোড়। নির্বাচনে জয়ী হয়ে স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পেলেও, কয়েক মাসের মধ্যেই আসে সবচেয়ে বড় পরিবর্তন। বিএনপি'র প্রার্থী হিসেবে তাঁকে মনোনীত করা হয় রাষ্ট্রের সর্বোচ্চ পদে।

রাষ্ট্রপতি পদে মনোনয়নের পর তিনি ছেড়ে দেন দলের মহাসচিবের পদ ও মন্ত্রীত্ব। বিদায় জানান সক্রিয় দলীয় রাজনীতিকে। যে মঞ্চে এতদিন তিনি একটি মাত্র দলের কণ্ঠস্বর ছিলেন, সেখান থেকেই তিনি কথা বলবেন পুরো বাংলাদেশের হয়ে। 

মহাসচিব থেকে মহামান্য, বাংলাদেশের রাজনীতিতে জীবন্ত কিংবদন্তির এক নতুন অধ্যায়ের সূচনা।