২০০২ সালের পর আবারো বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর বিশ্ব ফুটবল পেতে যাচ্ছে রোমাঞ্চকর আরো একটি মহারণ।
তবে এবারের লড়াইয়ে উত্তেজনার পারদটা একটু বেশিই চড়া, কারণ নিজের বর্ণাঢ্য ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে এবারই প্রথম ইংলিশদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি।
আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াই মানেই কেবল ফুটবল নয়, এর পরতে পরতে জড়িয়ে আছে ইতিহাস আর রাজনীতির অদৃশ্য এক সংঘাত। ফকল্যান্ড বা মালভিনাস ইস্যু নিয়ে বহু বছর ধরে চলে আসা এই রাজনৈতিক বৈরিতা ১৯৮৬ সালের বিশ্বকাপে আছড়ে পড়েছিল ফুটবল মাঠে। সেই ম্যাচে ডিয়েগো ম্যারাডোনার সেই বিখ্যাত 'হ্যান্ড অব গড' গোলটি কেবলই কোনো গোল ছিল না; স্বয়ং ম্যারাডোনা একে আখ্যা দিয়েছিলেন ফকল্যান্ড যুদ্ধের 'সিম্বলিক রিভেঞ্জ' হিসেবে।