https://thesylhet.tv/

1110

sports

ক্রীড়া

ফ্রান্সের নতুন কোচের দায়িত্ব নিচ্ছেন জিনেদিন জিদান

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ ১৯:৫৫
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। ২০৩০ সাল পর্যন্ত চুক্তিতে জাতীয় দলের দায়িত্ব পালন করবেন তিনি।

বিশ্বকাপ শেষে দিদিয়ের দেশমের বিদায়ের আগেই ফ্রান্সের বিভিন্ন সংবাদমাধ্যমে জিদানের দায়িত্ব নেওয়ার খবর প্রকাশিত হয়েছিল। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হলো।

১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো জিদান কোচ হিসেবেও গড়েছেন অনন্য সাফল্য। রিয়াল মাদ্রিদের দায়িত্বে থেকে টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন তিনি। ২০২১ সালে দ্বিতীয় দফায় রিয়ালের দায়িত্ব ছাড়ার পর দীর্ঘ সময় কোচিংয়ের বাইরে ছিলেন। এবার তিনি দায়িত্ব নিলেন ফ্রান্স জাতীয় দলের, যারা ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল।

দায়িত্ব গ্রহণের পর ৫৪ বছর বয়সী জিদান বলেন, ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়া তাঁর জন্য অত্যন্ত সম্মানের। তাঁর ভাষায়, “আমি অনেকবারই বলেছি, ফ্রান্স জাতীয় দলের চেয়ে বড় কিছু নেই। তাই এই দায়িত্ব পাওয়া যেমন আনন্দের, তেমনি এটি আমার জন্য অনেক বড় গর্বের বিষয়।” তিনি আরও বলেন, “এটি একই সঙ্গে অনেক বড় দায়িত্বও। আমি ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি, নির্বাহী কমিটি এবং ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা জানাই। জাতীয় দলকে নিয়ে আমার অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে।”

আগামী ২৫ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে ফ্রান্সের প্রধান কোচ হিসেবে জিনেদিন জিদানের অধ্যায় শুরু হতে পারে।

/*** Link Copy ***/ /*** Link Copy ***/