https://thesylhet.tv/

1269

sylhet

সিলেট বিভাগ

স্বনন সাহিত্য পুরস্কার ২০২৬ পেলেন আকমল হোসেন নিপু ও সুমন বনিক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২৯
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

সাহিত্যের ছোটকাগজ ‘স্বনন’ প্রবর্তিত ‘স্বনন সাহিত্য পুরস্কার ২০২৬’ পেয়েছেন কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু এবং কবি ও ‘অগ্নিশিখা’র সম্পাদক সুমন বনিক। কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য আকমল হোসেন নিপু এবং লিটল ম্যাগাজিন সম্পাদনায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সুমন বনিককে এ পুরস্কার প্রদান করা হয়।

শুক্রবার (১১ আগস্ট) মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে দুই দিনব্যাপী ‘স্বনন সাহিত্য উৎসব’-এর প্রথম দিনে তাঁদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সচিব কবি জাকির জাফরান। বিশেষ অতিথি ও অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কবি-গবেষক ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ। এছাড়া উপস্থিত ছিলেন লোকগবেষক আহমদ সিরাজ, কবি-প্রাবন্ধিক অধ্যাপক স্বপন নাথ, কবি-সম্পাদক কামরুল বাহার আরিফ, কবি-সম্পাদক নাহিদ আশরাফী, লেখক-গবেষক অপূর্ব শর্মাসহ আরও অনেকে।

সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। পরে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র‌্যালিতে আগত কবি, লেখক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

উৎসবের প্রথম পর্বে স্বাগত বক্তব্য দেন ‘স্বনন’ সম্পাদক কবি সুনীল শৈশব। উদ্বোধনী আলোচনায় উপস্থিত সুধীজন শুভেচ্ছা বক্তব্য দেন এবং ‘স্বনন সাহিত্য উৎসব’-এর সফলতা কামনা করেন।

দ্বিতীয় পর্বে ‘সাম্প্রতিক লিটল ম্যাগাজিন আন্দোলন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন লিটল ম্যাগাজিনের সম্পাদকরা আলোচনায় অংশ নেন। তৃতীয় পর্বে কবিকণ্ঠে কবিতাপাঠ অনুষ্ঠিত হয়।

চতুর্থ পর্বে ‘সমকালীন সাহিত্য, শিল্পচেতনা ও সিলেটের সাহিত্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ।

সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয় উৎসবের পঞ্চম পর্ব। এ পর্বে ‘স্বনন’-এর সপ্তম সংখ্যার মোড়ক উন্মোচন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ‘স্বনন সাহিত্য উৎসব ২০২৬’ সম্মাননা প্রদান করা হয়।

কবি মুজাহিদ আহমদের সঞ্চালনায় সম্মাননা প্রদান পর্বে পুরস্কারপ্রাপ্তদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। পরে তাঁদের হাতে ক্রেস্ট, মানপত্র এবং ২০ হাজার টাকা অর্থমূল্যের প্রাইজবন্ড তুলে দেওয়া হয়।

প্রথম দিনের আয়োজনের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করে ‘পিঞ্জিরা’ সংগীতদল।