উপাচার্যের পদত্যাগের দাবিতে বুধবার (৯ আগস্ট) দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনেম টানা তৃতীয় দিনের মতো অবস্থান নেন সাদা দলের শিক্ষক ও কর্মকর্তারা। এ সময় তারা উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়াসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।
বক্তাদের দাবি, বর্তমান উপাচার্যের সময়ে নানা ধরনের অপকর্ম সংঘটিত হয়েছে। তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের পাশাপাশি উপাচার্যের দ্রুত পদত্যাগ দাবি করেন।
অবিলম্বে উপাচার্য পদত্যাগ না করলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এরই মধ্যে উপাচার্যের অপসারণ চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর লিখিত আবেদনও পাঠিয়েছেন তারা।
এর আগে, উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির একই অভিযোগ তুলে ১১টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন ৯ জন শিক্ষক-কর্মকর্তা। তবে শুরু থেকেই এসব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলিমুল ইসলাম।