https://thesylhet.tv/

1260

sylhet

সিলেট বিভাগ

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের ৪ প্রবাসী নিহত

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৩
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

মঙ্গলবার বাবার বাড়ি ফেরার কথা। সেই অপেক্ষায় প্রহর গুনছিল ১০ বছরের সাফওয়ান। কিন্তু বাবার বদলে এলো মৃত্যুর খবর। প্রবাসী আব্দুল করিমের নিজের হাতে গড়া 'আফতাব ভিলা' আর প্রতিবেশী খালেদ আহমদের বাড়িতে এখন শুধুই স্বজন হারানোর আর্তনাদ। এক নিমিষেই পিতৃহীন হলো আটটি শিশু।

দেশে ফেরার আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে। সৌদি আরবের তায়েফে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিলেটের কানাইঘাটের চার প্রবাসী।

স্বজনরা জানান, সোমবার সকালে খুরমা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওয়ানা হন তারা। তায়েফের কাছাকাছি পৌঁছালে তাদের বহনকারী মাইক্রোবাসটি ব্রেক ফেল করে। ঘটনাস্থলেই চালকসহ চার বাংলাদেশির মৃত্যু হয়। তবে ভাগ্যক্রমে বেঁচে যান আব্দুল করিমের ছেলে। পরিবারগুলোর এখন একটাই আকুতি - শেষবারের মতো মুখ দেখতে দ্রুত যেন দেশে ফিরিয়ে আনা হয় প্রিয়জনের মরদেহ।

মরদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়ায় সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন। তবে, গত ২১ জুন কাতারে ৫ প্রবাসীর মৃত্যুর মাত্র আড়াই মাসের মাথায় আবারও এই মর্মান্তিক মৃত্যু কানাইঘাটবাসীর মনে যেন স্থায়ী এক আতঙ্কের ছায়া ফেলেছে।