https://thesylhet.tv/

1121

whole-country

দেশ

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে 'অগ্নিঝরা জুলাই' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ ১৭:০৮
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) "অগ্নিঝরা জুলাই : রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের 'এ' বিল্ডিং এর মিনি অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তি শাবিপ্রবি শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এমপি। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বিশেষ করে শাবিপ্রবির শহীদ রুদ্র সেন এবং সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের অসামান্য ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, "শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ এমসি কলেজ, মদনমোহন কলেজ ও সিলেটের সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান দুর্গ ছিল।"

বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ও মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, "বিগত ১৬ বছর ধরে অগণতান্ত্রিক উপায়ে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখা হয়েছিল। রাজনৈতিক সমালোচনাকে দমন করতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো আইন ব্যবহার করা হয়েছে। তবে গণতন্ত্রের মূল ভিত্তিই হলো দ্বিমত পোষণের স্বাধীনতা।"

সম্প্রতি হবিগঞ্জে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এনসিপি নেতাদের বক্তব্যের বিষয়ে করা সমালোচনার জবাবে তিনি আরও বলেন, "রাজনৈতিক বিরোধীদের কাজই সরকারকে প্রশ্ন করা ও সমালোচনা করা। বিশ্ববিদ্যালয়ে কিংবা রাজনীতিতে কোনো ধরনের নতুন ভয়ের সংস্কৃতি বা সেন্সরশিপ আমরা মেনে নেব না।" তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বর্তমান সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, "আক্রমণ বা প্রশাসন দিয়ে দমনের কৌশল বিগত আমলের পুরোনো রূপ। নতুন করে কাউকে স্বৈরাচারী শক্তি হতে দেওয়া হবে না।" দেশের সার্বিক সংস্কার ও শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী তাঁর বক্তব্যে বলেন, "৪৭, ৭১ কিংবা ২৪ - দেশের প্রতিটি সংকট মুহূর্তে ছাত্রসমাজের অবদান অপরিসীম। শাবিপ্রবির শহীদ রুদ্র সেনসহ সকল শহীদদের আত্মত্যাগ আমাদের চিরঋণী করে রেখেছে।"

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ বখতিয়ার এবং শাবিপ্রবি শাখার আহ্বায়ক রাশিদ আবরার। শাবিপ্রবি ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত উপস্থিতির সমালোচনা করে বক্তারা ক্যাম্পাসে স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জোর দাবি জানান।

/*** Link Copy ***/ /*** Link Copy ***/