https://thesylhet.tv/

1107

whole-country

দেশ

দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের সাজা

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ ১২:৪৩
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

সম্পদের হিসাব বা সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন। দুদকের পক্ষে আইনজীবী এস. এম. আবুল কালাম আজাদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৫ জুলাই রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে ঢাকার বিশেষ জজ আদালত-২ রায় ঘোষণার জন্য ২৮ জুলাই দিন ধার্য করেছিলেন।

মামলার নথি অনুযায়ী, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর এস কে সুর চৌধুরী এবং তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের বিস্তারিত তথ্য ২১ কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার জন্য দুদক থেকে নোটিশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময় পার হলেও তিনি সম্পদের হিসাব বা বিবরণী দাখিল করেননি।

এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা দায়ের করেন। পরে ২০২৫ সালের ৪ আগস্ট দুদকের উপপরিচালক মো. আহসান উদ্দিন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। এরপর ২০২৫ সালের ৬ নভেম্বর আদালত এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে তালিকাভুক্ত সাতজন সাক্ষীর সবাই আদালতে সাক্ষ্য দেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নরকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন।

/*** Link Copy ***/ /*** Link Copy ***/