https://thesylhet.tv/

1098

whole-country

দেশ

নির্ধারিত সময় পেরোলেও চলতি মাসেই আসছে এসএসসি’র ফল, সম্ভাবনা ৩০ জুলাই

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ ১২:৫৯
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের জন্য অধীর আগ্রহে প্রহর গুনছেন দেশের সাড়ে ১৮ লাখেরও বেশি শিক্ষার্থী। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও তা না হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে তৈরি হয়েছে উৎকণ্ঠা। তবে শিক্ষা মন্ত্রণালয় আশ্বস্ত করেছে, এই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে খুব শিগগিরই। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) প্রকাশ পেতে পারে এসএসসি’র চূড়ান্ত ফল।

শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল পুরোপুরি প্রস্তুত করার কাজ শেষ হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হবে।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, "আমাদের লক্ষ্য ছিল ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা, তবে তা সম্ভব হয়নি। এখন ২৭-২৮ তারিখের মধ্যে ফলাফল প্রস্তুত হয়ে যাবে। মন্ত্রণালয় যেদিন বলবে, সেদিনই আমরা ফল প্রকাশ করবো।"

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, ২৭ জুলাই ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। সে কারণে মন্ত্রী-সচিবসহ পুরো শিক্ষা প্রশাসন ওই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকবে। এরপর ৩১ জুলাই শুক্রবারের ছুটির দিন। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনাই সবচেয়ে বেশি।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয় এবারের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা। সেই হিসেবে গত ২০ জুলাই ফল প্রকাশের নির্ধারিত সময়সীমা ছিল। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। বিগত বছরগুলোর তুলনায় এবার পরীক্ষায় বহিষ্কারের ঘটনা ছিল উল্লেখযোগ্য হারে কম।

/*** Link Copy ***/ /*** Link Copy ***/