https://thesylhet.tv/

1083

sylhet

সিলেট বিভাগ

হাম উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৯৯

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ ১৫:২০
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

কয়েকদিন মৃত্যুশূন্য থাকার পর সিলেটে আবারও হানা দিয়েছে মহামারি রূপ নেওয়া হাম; ঝরে গেছে আরও তিনটি নিষ্পাপ প্রাণ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে ৪, ৭ ও ১০ মাস বয়সী ৩টি অবুঝ শিশু। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এই শিশুরা সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বাসিন্দা। 

শনিবার সকালে এই নির্মম মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং বাকি ৯৮ জনই শিশু। এর মধ্যে সর্বোচ্চ সুনামগঞ্জে ৪৪ জন, সিলেটে ৩৫ জন, মৌলভীবাজারে ১২ জন এবং হবিগঞ্জে ৮ জন মারা গেছেন।

​এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও ২৯৭ জন রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০১ জন এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২৩ জন ভর্তি আছেন। সরকারি হিসাব বলছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৫৩৪ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।

​উদ্বেগজনক এই পরিস্থিতিতে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইতোমধ্যে ওসমানী মেডিকেলে ২০টি এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪টি আইসিইউ বেড স্থাপন করা হয়েছে।

​কর্তৃপক্ষ আরও জানায়, রোগীর চাপ যদি আরও বাড়ে, তবে পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী আইসিইউ বেডের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। একই সাথে সংক্রমণ রোধে মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধির জোর দেওয়া হচ্ছে।

/*** Link Copy ***/ /*** Link Copy ***/