দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অবশেষে আলোচিত এমসি কলেজে সংগঠিত ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছেন আদালত। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার দীর্ঘ পর্যবেক্ষন শেষে রায় ঘোষনা করেন।
মামলার আইনজীবিরা জানান, রায়ে প্রধান অভিযুক্ত সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অর্জুন লষ্কর, তারেকুল ইসলাম তারেক এবং শাহ মাহবুবুর রহমান রনিকে অপরাধ বিবেচনায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
একই মামলায় অপর ৪ আসামী মাহফুজুর রহমান, রবিউল হাসান, আইনুদ্দিন এবং মিসবাউল ইসলাম রাজনকে খালাস দিয়েছেন আদালত।আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের মতো পর্যাপ্ত ও গ্রহণযোগ্য সাক্ষ্য-প্রমাণ উপস্থাপিত হয়নি।
রায়ে আদালত ভুক্তভোগীর সাক্ষ্য, ফরেনসিক আলামত, সাক্ষীদের জবানবন্দি এবং মামলার অন্যান্য উপস্থাপিত প্রমাণ বিশ্লেষণ করে রায় দিলেও রায়ের প্রতি সন্তুষ্ট নয় আসামীপক্ষ। এমনটি জানিয়ে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান তারা।
উল্লেখ্য, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে সংঘটিত এই নৃশংস ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন তোলে। ঘটনার রাতেই ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেন।