https://thesylhet.tv/

1067

sylhet

সিলেট বিভাগ

১৯ দিনের ব্যবধানে ফের উন্মুক্তভাবে গণনা শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থ

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ ১৪:৪৫
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

সাতশ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো আবারও উন্মুক্তভাবে গণনা করা হচ্ছে সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে ভক্তদের দান করা অর্থ। মাত্র ১৯ দিনের ব্যবধানে শুরু হওয়া এ গণনা কার্যক্রম ঘিরে মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে আবারও আলোচনায় সরব সিলেট।

মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন–সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শনিবার সকাল থেকে শুরু হয় দানবাক্স ও ঐতিহাসিক দানের ডেগে জমা হওয়া অর্থ গণনা। এর আগে গত ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে দানের অর্থ গণনা করা হয়। তখন দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিলেও অধিকাংশ ভক্ত ও দর্শনার্থী বলছেন, দানের অর্থের হিসাব প্রকাশ্যে হওয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে এবং মানুষের আস্থা আরও বাড়বে।

দানবাক্সে প্রশাসনের সিলগালা করার পর বিষয়টি গড়ায় প্রশাসনিক ও নীতিগত আলোচনায়। পরে মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে গত ২৬ জুন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে গঠন করা হয় ১১ সদস্যের উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা কমিটি। বর্তমানে এই কমিটির তত্ত্বাবধানেই চলছে অর্থ গণনার পুরো কার্যক্রম। গণনা শেষে সব অর্থ মাজারের নামে ব্যাংকের হিসাবে জমা রাখা হবে বলে জানান কমিটির সদস্যরা।

আজকের গণনায়  কমিটির সদস্য, মাজার কর্তৃপক্ষ, মাদ্রাসার শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের দাবি, পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে উন্মুক্ত ও স্বচ্ছ পরিবেশে। তারা জানান, দানের অর্থ কোন কোন খাতে এবং কীভাবে ব্যয় হবে, সে বিষয়ে সবার মতামত বিবেচনায় নিয়েই একটি গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করা হবে।

কমিটির সদস্যরা জানিয়েছেন, আগামী বৃহস্পতিবারের মধ্যেই মাজারের আয়-ব্যয় ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত ও রূপরেখা জনসম্মুখে তুলে ধরা হবে।

সাত শতকের ঐতিহ্যবাহী এই মাজারে দানের অর্থ গণনার নতুন উদ্যোগকে কেউ দেখছেন স্বচ্ছতার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, আবার কেউ তুলছেন ঐতিহ্য রক্ষার প্রশ্ন। তবে সব আলোচনা-সমালোচনার কেন্দ্রে এখন একটাই প্রত্যাশা - ভক্তদের দানের প্রতিটি টাকার সঠিক হিসাব নিশ্চিত করে মাজারের উন্নয়ন ও জনকল্যাণে তার যথাযথ ব্যবহার। 

/*** Link Copy ***/ /*** Link Copy ***/