https://thesylhet.tv/

1301

sylhet

সিলেট বিভাগ

সিলেটে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ, জীবনমান উন্নয়নে সরকারের আশ্বাস

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৪
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

সিলেটের বিভিন্ন চা বাগানে সিএসআর তহবিলের সহযোগিতায় কর্মরত শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠিত হয়। লাক্কাতুরা চা বাগানের ফ্যাক্টরি মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন চা বাগানের ১ হাজার ৯৮০ জন শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়। বর্ষাকালে কর্মপরিবেশ কিছুটা স্বস্তিদায়ক করতেই এই উদ্যোগ।

অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

এসময় চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে নানা দাবি তুলে ধরেন বাগানের স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি - চা বাগানের স্কুলগুলো জাতীয়করণ, শ্রমিকদের সন্তানদের পড়াশোনার সুযোগ নিশ্চিত করা এবং দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পণ্যের দামে তেমন কোনো প্রভাব পড়বে না উল্লেখ করে মন্ত্রী বলেন, অসাধু ব্যবসায়ীরা যাতে এর সুযোগ নিতে না পারে, সেজন্য কঠোর মনিটরিং করা হবে জানান বাণিজ্য মন্ত্রী। বিরোধীদলের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচিত বিরোধীদলের দায়িত্বশীল আচরণ করা উচিত। মুখরোচক বক্তব্য না দিয়ে জনগণের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

চা বাগানগুলোকে লাভজনক খাতে রূপান্তরের পাশাপাশি চা শ্রমিকদের বেতন-ভাতা ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও রাজনৈতিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।