প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬ ১৯:৪৬ (সোমবার)
খেলনা ধুতে গিয়ে সুরমা নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিলেট নগরীর মাছিমপুর এলাকায় সুরমা নদীতে পড়ে মোস্তাকিম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১অক্টোবর) বিকেলে মাছিমপুর এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত মোস্তাকিম সুনামগঞ্জের  দোয়ারাবাজার থানাধীন চন্ডিপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। বর্তমানে তারা সোবহানীঘাট এলাকার বসবাস করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাঈনুল জাকির। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে ২ টার দিকে মোস্তাকিম তার চাচার বাসা (মাছিমপুর) বেড়াতে আসে। পরবর্তীতে বিকেল ৩টার দিকে চাচাতো ভাই কামরান (৭) আপন ভাই মোসাব্বিরকে (৫) নিয়ে সুরমা নদীর পাড়ে যায়। একপর্যায়ে মোস্তাকিম হাতের খেলনা ধুতে গিয়ে সুরমা নদীতে পড়ে যায়। তখন কামরান বিষয়টি তার পরিবারকে অবহিত করলে পরিবার ও আশপাশের লোকজন নদীতে নেমে মোস্তাকিমকে খোঁজাখুজি করেও কোন সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি এসে মোস্তাকিমকে খোঁজাখুজি করে সোয়া ৪টার দিকে মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করে।

এ ব্যাপারে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল জাকির বলেন, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।