৩৪ দিন পর আবারও খুলেছে সিলেটের হযরত শাহজালাল মাজারের দানবাক্স। জনসম্মুখে চলছে অর্থ গণনা - আর এই দফায় কত টাকা উঠছে, সেদিকেই এখন নজর সবার।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সিলেটের জেলা প্রশাসকের উপস্থিতিতে চতুর্থ দফায় শুরু হয় দানবাক্সের অর্থ গণনা। মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গঠিত কমিটির সদস্যদের উপস্থিতিতে চলছে এই কার্যক্রম।
এর আগে তিন দফায় মাজারের দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়। প্রথমবার গত ২২ জুন মোট পাওয়া যায় নগদ ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। এর ১৮ দিন পর, ১১ জুলাই দ্বিতীয় দফায় পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। এ সময়ও পাওয়া যায় বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণ ও রৌপ্য সামগ্রী।
সবশেষ ১৫ আগস্ট তৃতীয় দফায় নগদ পাওয়া যায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা। পাশাপাশি পাওয়া যায় দেশি-বিদেশি মুদ্রা, স্বর্ণ ও রৌপ্যের অলঙ্কার।
তিন দফায় নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকা। এসব অর্থ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, মাজারের অর্থ সুষ্ঠুভাবে গণনার ক্ষেত্রে ১ মাস সময়ই উপযুক্ত।
জনসম্মুখে গণনায় মাজারের দানের অর্থের হিসাবে আসছে স্বচ্ছতা। এখন এই অর্থের সুষ্ঠু ব্যবহার এবং ধারাবাহিকতা বজায় রাখাই সাধারণ মানুষের মূল প্রত্যাশা।