প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০৫ (সোমবার)
জাতীয় দলের স্বপ্নে সিলেটের ক্ষুদে ফুটবলারদের বাছাইপর্ব

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’।
এই প্রতিযোগিতায় সিলেট জেলা দলের হয়ে মাঠে নামার সুযোগ পেতে সিলেট মহানগরসহ জেলার ১৩টি উপজেলা থেকে অংশ নিচ্ছেন অনূর্ধ্ব-১৫ বয়সী আগ্রহী ফুটবলাররা।


সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ১৭ সেপ্টেম্বর থেকে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে এই বাছাইপর্ব।
প্রথম দিনে প্রায় ৯০০ প্রতিযোগিদের মধ্যে ২০০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। দ্বিতীয় দিনে ২০০ ফুটবলার থেকে ১০০ জনকে বাছাই করা হবে।


মাঠে নিজেদের গতি, বল নিয়ন্ত্রণ, পাসিং, শারীরিক সক্ষমতা ও ম্যাচ পরিস্থিতিতে দক্ষতা দেখিয়ে নির্বাচকদের নজর কাড়ার চেষ্টা করছেন সবাই। নিয়ম অনুযায়ী,যেসব খেলোয়াড়ের জন্ম তারিখ ১ জানুয়ারি ২০১১ থেকে ৩১ ডিসেম্বর ২০১৩-এর মধ্যে,তারাই এই বাছাইয়ে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।


৩ দিনের এই বাছাইপর্ব শেষে চূড়ান্তভাবে ২৫ জনের সিলেট জেলা অনূর্ধ্ব-১৫ দল গঠন করা হবে। আপাতত নির্বাচিতদের চোখ এখন চূড়ান্ত দলে জায়গা পাওয়ার দিকে।
আর এই বাছাইপর্বকে নিজেদের ফুটবল ক্যারিয়ারের বড় সুযোগ হিসেবেই দেখছেন তরুণ খেলোয়াড়রা।