প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪১ (মঙ্গলবার)
সিলেটে রাষ্ট্রপতি : শাহজালাল ও শাহপরাণ (র.)-এঁর মাজার জিয়ারত

পুণ্যভূমি সিলেট সফরে এসেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। 

বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এছাড়াও সফরসঙ্গী হিসেবে ছিলেন সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যবৃন্দ, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

পরে সিলেট বিমানবন্দর থেকে রাষ্ট্রপতির গাড়িবহর সিলেট সার্কিট হাউসের উদ্দেশে রওনা হয়। সেখানে পৌঁছানোর পর নির্ধারিত আনুষ্ঠানিকতার অংশ হিসেবে দুপুর সোয়া ১২ টায় তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

সেখান থেকে দুপুর সাড়ে ১২টায় তিনি সরাসরি চলে যান হযরত শাহজালাল (র.)-এঁর মাজারে। মাজার কর্তৃপক্ষের উষ্ণ অভ্যর্থনা শেষে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। পরে খাদিমপাড়ায় হযরত শাহপরাণ (র.)-এঁর মাজারও জিয়ারত করেন রাষ্ট্রপতি।

তিনি মাজার এলাকায় পৌঁছানো ও বের হওয়ার সময় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে অসংখ্য মানুষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দাঁড়িয়ে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও স্বাগত জানান।