প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪১ (মঙ্গলবার)
সিলেটে সফরে আসছেন রাষ্ট্রপতি : ব্যাপক প্রস্তুতি

আগামী ১৫ সেপ্টেম্বর একদিনের সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সফরকে ঘিরে ইতোমধ্যে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। রাষ্ট্রপতিকে বরণ করে নিতে প্রস্তুত সিলেটবাসীও।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঢাকার বাইরে প্রথম সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতে পূণ্যভূমি সিলেটে আসছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।

তাঁর সফরকে ঘিরে সিলেটে তৈরি হয়েছে উৎসবের আমেজ। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নগরজুড়ে চলছে নানা প্রস্তুতি।

সফরসূচি অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় বিমানযোগে সিলেটে পৌঁছাবেন রাষ্ট্রপতি। পরে সিলেট সার্কিট হাউসে তাঁকে দেওয়া হবে গার্ড অব অনার।

এরপর হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন তিনি। পরে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। শহরকে পরিচ্ছন্ন ও পরিপাটি করে তুলতে কাজ করছেন সিটির কর্মীরা। 

বিএনপির মহাসচিব হিসেবে অসংখ্যবার সিলেট সফর করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার রাষ্ট্রপতি হিসেবে তাঁকে সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন সিলেটবাসী। ফলে তাঁর সফর ঘিরে রয়েছে বাড়তি কৌতূহল ও উচ্ছ্বাস।

এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বরণ করে নিতে এখন প্রস্তুত সিলেটবাসী।