প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৫৫ (বৃহস্পতিবার)
উৎসবমুখর পরিবেশে সিলেটে উদযাপিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সিলেটে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আজ সকাল থেকেই নগরীর বিভিন্ন মণ্ডপে ভক্তদের ঢল নামে।

​সকালে নগরীর নিম্বার্ক আশ্রম থেকে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী এবং সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

​ঐতিহ্যবাহী পোশাক, শ্রীকৃষ্ণের বাল্যকালের নানা রূপ সংবলিত ট্যাবলো (ঝাঁকি) এবং 'হরে কৃষ্ণ' নামসংকীর্তনে মুখরিত হয়ে ওঠে পুরো সিলেট শহর।

​এছাড়াও নগরীর ইসকন মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপে গীতাপাঠ, পূজা-অর্চনা, প্রসাদ বিতরণ ও বিশেষ আরতির আয়োজন করা হয়েছে। উৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থান ও মন্দিরগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।