প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬ ১২:২২ (বৃহস্পতিবার)
দুবাইয়ে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে ল’ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তার জামিন বাতিল এবং তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে দুবাইয়ে একটি ল’ফার্ম নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

রোববার (২ আগস্ট) রাজশাহীতে পুলিশের সকল ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন, এটি আমরা শুনেছি। তার জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইতে ল'ফার্ম নিয়োগ করেছে। আমরা আশা করছি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে দেশে ফেরত আনতে পারব। বাংলাদেশ থেকে নিয়োগকৃত ল'ফার্ম এ ব্যাপারে কাজ করছে।'

তিনি আরও বলেন, 'আমরা ল'ফার্ম নিয়োগ করেছি। সার্টিফায়েড কপিটা যোগাড়ের চেষ্টা চলছে। আশা করছি দ্রুত বেইল (জামিন) ক্যানসেল করতে পারব। দ্রুত তাকে ফিরিয়ে আনতে পারব।'

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন। প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ জুলাই তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে জামিন পেলেও বেনজীর আহমেদের ওপর বেশ কিছু শর্ত আরোপ করেছে দুবাইয়ের আদালত। জামিনের শর্ত হিসেবে তার পাসপোর্ট আদালতের হেফাজতে জমা রাখা হয়েছে। আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। ফলে জামিনে মুক্ত হলেও আপাতত দেশ ছাড়ার সুযোগ নেই।