হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’য় হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের আহত করার অভিযোগে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের জেলা সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাত প্রায় ৮টার দিকে কামাইছড়া পুলিশ ক্যাম্পে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে অভিযোগ দাখিল করেন। পরে রাত ১টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি রুজু করা হয়।
মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ রিংগনকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন আশরাফুজ্জামান রিয়াজ, আসিফুল ইসলাম ইমন, মোজাক্কির হোসেন ইমন, এম এইচ শিমুল, আল সাইমন, মাহফুজ চৌধুরী, ইসতিয়াক রহমান ইসতি, শেখ সাব্বির, নাজমুল হোসেন অনি ও রক্সি ইসলাম। পাশাপাশি আরও ১০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, এনসিপির ‘জুলাই পদযাত্রা’ চলাকালে হামলা, ভাঙচুর এবং নেতাকর্মীদের মারধরের ঘটনায় এ মামলা দায়ের করা হয়েছে।
এর আগে হামলার প্রতিবাদ, মামলা দায়ের এবং আহত নেতাকর্মীদের খোঁজখবর নিতে হবিগঞ্জে যাওয়ার পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা একাধিক স্থানে পুলিশের বাধার মুখে পড়েছেন বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ গ্রহণ করে মামলাটি রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।