হবিগঞ্জে এনসিপি এবং পৌর বিএনপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
বুধবার জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এ সংক্রান্ত আদেশ জারি করেন। আদেশে বলা হয়েছে, বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভার কর্মসূচি ঘোষণা করেছে। একই সময়ে ও একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি এবং হবিগঞ্জ জেলা ছাত্রদল পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়।
প্রশাসনের ভাষ্য অনুযায়ী, উভয় কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতির সম্ভাবনা রয়েছে। এ কারণে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশৃঙ্খলা বিনষ্ট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
এ পরিস্থিতিতে হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে জনস্বার্থে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, মাইকিং, স্লোগান, পিকেটিং, উচ্চ শব্দে যন্ত্র ব্যবহারসহ আইন-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও নেতা-কর্মীদের মারধর করা হয়। হামলার জন্য ক্ষমতাসীন বিএনপিকে দায়ী করেছে এনসিপি। সন্ধ্যায় শহরে এনসিপি প্রতিবাদ মিছিল বের করলে আরেক দফা সংঘর্ষ হয়। এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার হবিগঞ্জসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দলটি। পরে হবিগঞ্জ বিএনপি ও ছাত্রদলের পক্ষ থেকে পাল্টা প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়।