প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬ ১৯:৫৮ (বৃহস্পতিবার)
সিলেটে ১১ দলীয় ঐক্যের সমাবেশ, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে শনিবার দুপুর থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যের নেতা-কর্মী এবং সমর্থকেরা। প্রচণ্ড গরম উপেক্ষা করেও মাঠজুড়ে ছিল বিপুল জনসমাগম। বিকেলে সমাবেশ শুরু হলেও প্রায় এক ঘণ্টা পর বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান মঞ্চে পৌঁছালে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো সমাবেশস্থল।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন এখন জনগণের প্রধান প্রত্যাশা। জনগণের এ রায় কার্যকর করতে প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকার ঘোষণা দেন তিনি।

সমাবেশে সভাপতির বক্তব্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির  চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. অলি আহমদ বলেন, গণভোটের রায় ও জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন না হলে সরকারের প্রতি রাজনৈতিক সহযোগিতা অব্যাহত রাখা সম্ভব হবে না। তিনি সরকারকে সতর্ক করে বলেন, ১১ দলীয় ঐক্য রাজপথে নামলে রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন মোড় নিতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে। অন্যথায় বর্তমান নির্বাচন কমিশনের নৈতিকভাবে দায়িত্বে থাকার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।   

উল্লেখ্য, সিলেটের এ সমাবেশের মধ্য দিয়ে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় পর্যায়ের ধারাবাহিক সমাবেশ কর্মসূচির সমাপ্তি ঘটে।