প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬ ১৬:২২ (বৃহস্পতিবার)
মোদির সরকারের ঘুম উড়িয়ে দিয়ে দিল্লির রাস্তা ককরোচ জনতা পার্টির দখলে

ভারতের রাজধানী দিল্লির রাজপথে এখন উত্তাপের পারদ তুঙ্গে। প্রশ্নফাঁস, সিবিএসই (CBSE) দুর্নীতি আর বেকারত্বের প্রতিবাদে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণের 'সংসদ অভিযান' ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজপথ। প্রধান বিচারপতির একটি ব্যঙ্গাত্মক মন্তব্যের জবাবে গড়ে ওঠা 'ককরোচ জনতা পার্টি' বা সিজেপি-এর ডাকে আক্ষরিক অর্থেই কেঁপে উঠেছে কেন্দ্রীয় সরকার।

পুলিশের ব্যারিকেড আর টিয়ার গ্যাসের ধোঁয়া - কোনো কিছুই থামাতে পারেনি হাজার হাজার ক্ষুব্ধ তরুণকে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস ও দুর্নীতির প্রতিবাদে ২০শে জুলাই সোমবার, দিল্লির রাজপথের নিয়ন্ত্রণ নেয় 'ককরোচ জনতা পার্টি' বা সিজেপি।

প্রচলিত রাজনীতি ও গণমাধ্যমের ওপর আস্থা হারিয়ে ব্যঙ্গ ও প্রতিবাদকেই এখন শেষ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে দেশটির নতুন প্রজন্ম। সরকার আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিলেও, চাকরি ও প্রশ্নফাঁসের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলনের মাঠ থেকে একচুলও সরতে নারাজ ভারতের এই বিক্ষুব্ধ তরুণ সমাজ।