প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ ১৯:২৩ (বৃহস্পতিবার)
সিলেটে বর্ণিল আয়োজনে রথযাত্রা উৎসব, পুণ্যার্থীদের ঢল

বর্ণিল সাজে সজ্জিত রথ, শঙ্খ-উলুধ্বনি আর হরিনাম সংকীর্তনে মুখরিত সিলেট ইসকন মন্দির প্রাঙ্গণ। বৃহস্পতিবার দুপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।

বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরের রিকাবীবাজারের রথযাত্রা প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে সিলেটের ২৫টি দেবালয় ও মন্দির অংশ নেয়। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিশেষ করে মণিপুরি সম্প্রদায়ের বিপুল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এছাড়া রথযাত্রাকে কেন্দ্র করে অগণিত শিশু-কিশোর, নারী-পুরুষ, দর্শনার্থী ও পুণ্যার্থীদের পদচারণায় পুরো এলাকা এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়। রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে বসেছিল সব ধর্মের মানুষের মিলনমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে অতিথিরাও তুলে ধরেন সম্প্রীতির বার্তা। রথযাত্রায় পুণ্যার্থীদের ঢল সামলাতে এবং উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মন্দির প্রাঙ্গণ ও রথের যাত্রাপথে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, আগামী ৯ দিনব্যাপী এই মহোৎসবে প্রতিদিন ধর্মীয় আলোচনা, কীর্তন ও প্রসাদ বিতরণসহ নানা মাঙ্গলিক কর্মসূচি পালন করা হবে।