মাঠের লড়াইয়ে তখন টানটান উত্তেজনা। মিকেল মেরিনোর দুর্দান্ত গোলে বেলজিয়ামের বিদায়ঘণ্টা বাজিয়ে সেমিফাইনালের আনন্দে ভাসছে স্পেন। পুরো স্টেডিয়ামে তখন বাঁধভাঙা উল্লাস। ঠিক সেই মুহূর্তেই সম্প্রচারকারী দলের টিভি ক্যামেরার লেন্স ঘুরে যায় গ্যালারির দিকে। স্প্যানিশ সমর্থকদের ভিড়ে জুম-ইন করা হয় বাবার কোলে পাগলাটে উদ্যাপন করা এক ছোট্ট ছেলের ওপর।
নেহাতই কাকতালীয়ভাবে তাকে ক্যামেরায় ধরা হয়েছে, তা কিন্তু নয়! তিন বছর বয়সি এই শিশুর নাম কেইন। সম্পর্কে সে স্প্যানিশ সেনসেশন লামিনে ইয়ামালের সৎ ভাই। ২০২২ সালের সেপ্টেম্বরে জন্ম নেওয়া কেইনের সাথে ইয়ামালের নাড়ির টান ভীষণ নিবিড়। ফুটবল দুনিয়ায় এই খুদে সমর্থক এখনই এক পরিচিত মুখ।