প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ ১৮:২০ (বৃহস্পতিবার)
ঢামেকের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ডিএমসি-ডে ২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।

এরপর শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। একই অনুষ্ঠানে ১০টি মেডিকেল কলেজের জন্য ১৯টি আধুনিক হোস্টেল নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেল কলেজে দুটি ছাত্রী হোস্টেল নির্মাণের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। তিনি প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হোন এবং এরপর ক্যাম্পাসে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন।

এ ছাড়া 'বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা' শীর্ষক বিশেষ আলোচনা সভায়ও অংশ নেন প্রধানমন্ত্রী।