সিলেটের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হলেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সফরকালে তিনি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর একসঙ্গে উপভোগ করেন সিলেটের বিশ্বখ্যাত সাত রঙের চা, যা দেশি-বিদেশি পর্যটকদের কাছে অন্যতম এক আকর্ষণ।
এরপর রাষ্ট্রদূত ঘুরে দেখেন সিলেটের ঐতিহাসিক ক্বীন ব্রিজ, শতবর্ষী আলী আমজাদের ঘড়িসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থান। এ সময় তিনি সিলেটের ইতিহাস, সমৃদ্ধ সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।
সফরের একপর্যায়ে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
সংশ্লিষ্টদের মতে, মার্কিন রাষ্ট্রদূতের এই সফর কেবল একটি কূটনৈতিক সফর নয়; বরং সিলেটের ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও তুলে ধরার ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে কাজ করবে।