প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬ ১৫:২২ (বৃহস্পতিবার)
আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত ভাবগাম্ভীর্যপূর্ণ এ অনুষ্ঠানে স্পিকার আয়াতুল্লাহ আলী খামেনির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

অনুষ্ঠানের ফাঁকে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং শোকবার্তা পৌঁছে দেন।

পরে স্পিকার সেখানে সংরক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বৈঠকে তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের ধারা অব্যাহত রাখতে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ইরানের স্পিকারকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

পরে স্পিকার ইরান রেডিওর বাংলা বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ-ইরান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক বিভিন্ন বিষয়ে নিজের মতামত তুলে ধরেন। একই সঙ্গে তিনি ইরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সেবা আরও সম্প্রসারণে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করবেন বলেও জানান।

আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে গতকাল তেহরান পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।